
অয়ন নীলার প্রেম ঠেকাতে পারবে না কেউ
অয়ন আর নীলার ছয় বছরের প্রেম। কলেজ লাইফ থেকে শুরু হওয়া এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় নীলার বাবা, প্রভাবশালী এমপি ইস্তিয়াক নাসিম। অয়ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, রাজনীতি ঘৃণা করে। মজার ব্যাপার হলো, অয়নের নিজের মা-ই লুকিয়ে তাদের সম্পর্ক ভাঙার ষড়যন্ত্র করে কারণ তার একটা ভয়ংকর অতীত আছে। সে আসলে জুবাইদা সুলতানা, এক সময়ের ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের একমাত্র মেয়ে, যার বাবা-মাকে চোখের সামনে খুন হতে দেখেছিল। সেই ট্রমা থেকে পালিয়ে সে পরিচয় বদলে সাধারণ জীবন বেছে নেয়, আর ছেলেকে রাজনীতির ছায়া থেকে দূরে রাখতে চায়। নীলার বাবা তাকে জোর করে চাচাতো ভাই সিয়ামের সাথে বিয়ে ঠিক করে। ভাঙা কাচের বোতল হাতে রক্তাক্ত অয়ন বিয়ের অনুষ্ঠানে হাজির হয়, আবেগঘন সংঘর্ষ হয় দুই পরিবারের মাঝে। ঠিক তখনই অয়নের মায়ের আসল পরিচয় প্রকাশ পায়, আর সব ভুল বোঝাবুঝি, রাগ, প্রতিহিংসা এক মুহূর্তে গলে যায়। শেষমেশ দুই পরিবার মিলে যায়, আর অয়ন-নীলার ভালোবাসা পূর্ণতা পায়।